Thu, Nov 12th, 2009 4:00 pm BdST
যশোর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দায়ে প্রথম আলোর সাবেক কার্টুনিস্ট আরিফুর রহমানকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ শ’ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রথম আলোর রম্য সাপ্তাহিক আলপিনে আপত্তিকর কার্টুন প্রকাশের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ রায় দেন।
বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফ পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়েছে।”
তবে অজ্ঞাত স্থান থেকে আরিফ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, “এ মামলাটির কথাই আমি শুনি নি।”
তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা ও রাষ্ট্রদ্রোহিতার মামলা হলেও আদালত তা খারিজ করে দেয় বলে জানান তিনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র আপত্তিকর কার্টুন ছেপে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ২০০৭ সালের ২৩ অক্টোবর যশোর কালেক্টরেট মসজিদের ইমাম এটিএম শোয়েইব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি দায়ের করেন।
মামলায় দৈনিক প্রথম আলোর সাবেক প্রকাশক মাহফুজ আনাম, সম্পাদক মতিউর রহমান ও কার্টুনিস্ট আরিফুর রহমানকে আসামি করা হয়।
পরে মাহফুজ আনাম ও মতিউর রহমানকে আমলে না নিয়ে আরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সমালোচিত ওই কার্টুন প্রকাশের পর আলপিনের প্রকাশনা নিষিদ্ধ করে সরকার। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত সংখ্যাটিও বাজেয়াপ্ত করা হয়। ওই ঘটনায় প্রথম আলোর সম্পাদক ক্ষমাও প্রার্থনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৫৫৩ ঘ
Shared via AddThis















